প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও সরকার কোনো ঝুঁকি নিতে চায় না। এজন্য প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত আগামী ১৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয়।
বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, বর্তমানে লোক প্রবেশ অনেক কমে গেছে এবং সীমান্তবর্তী জেলাগুলোতে কোভিড পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন অনেক বেশি ব্যস্ত। ফলে স্থলসীমান্ত বন্দরে তিন দিন স্থানীয় প্রশাসনের লোকজন যাবে এবং প্রবেশ করা বাংলাদেশিদের কোয়ারেন্টাইনসহ অন্যান্য সুবিধাদির ব্যবস্থা করবে।
সচিব বলেন, আজ বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শুধু বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন।
এর আগে ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সবধরনের সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরবর্তী সময়ে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণা অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়।
তবে সীমান্ত বন্ধ থাকলেও প্রথম দফায় দেশটিতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম ছিল তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়। এখনো একই নিয়মে দেশে ফিরতে পারছেন বাংলাদেশিরা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ জুন ২০২১ /এমএম





