প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নির্বাচনী প্রচারে গিয়ে হামলার মুখে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছেন তার বাঁ পায়ের গোড়ালি ফুলে গেছে। পায়ের পাতায় চোট লেগেছে। ডান কাঁধ ও কব্জিতে ব্যথা রয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, প্রচারে গিয়ে হামলার মুখে পড়ে কার্যত ট্রমায় আছেন মমতা। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে। আজ হতে পারে ইসিজি। সকালে বেশকিছু রক্ত পরীক্ষা করা হয়েছে।বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পান মমতা। রেয়াপাড়ায় একটি মন্দিরে পূজা শেষে বেরনোর সময় ধাক্কাধাক্কিতে পায়ে চোট লাগে তার। এরপর কলকাতায় হাসপাতালে ভর্তি করতে হয়।
তৃণমূল নেতা চিকিৎসক শান্তনু সেন প্রাথমিকভাবে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিগামেন্টে আঘাত রয়েছে। তার পায়ের পাতায় চিড়। রয়েছে সফট টিস্যু ইনজুরি।এই ঘটনায় মমতার ওপর হামলার অভিযোগ এনেছে তৃণমূল। অপরদিকে মমতা অভিনয় করছে বলে সমালোচনা করেছে বিজেপি কংগ্রেস।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ মার্চ ২০২১ /এমএম





