
প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্র, কানাডা ও বাহরাইনের পর এশিয়ার প্রথম দেশ হিসেবে এবার ফাইজারের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। চলতি মাসের শেষের দিক থেকে বিনামূল্যে দেয়া হবে এসব ভ্যাকসিন। তবে ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের আগে দেয়া হবে। খবর রয়টার্সের।
সোমবার দেশটির প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুং এক বিবৃতিতে বলেন, ‘ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর ফাইজারের ভ্যাকসিন অনুমোদনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই কোম্পানির ভ্যাকসিন ক্রয়ে আমরা ৭৫ কোটি ডলার খরচ করব।’
লি হেসিয়েন বলেন, ‘২০২১ সালের প্রথম কয়েক মাসের মধ্যে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘প্রবীণদের সঙ্গে আমি ও আমার সহকর্মীরা আগেই ভ্যাকসিন নেব। ভ্যাকসিনগুলো যে নিরাপদ তা বোঝাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং আরও কয়েকটি দেশ ফাইজার-বায়োএনটেক এর এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। যুক্তরাজ্যের সপ্তাহখানেক পর সোমবার যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া কানাডায় সীমিত পরিসরে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ ডিসেম্বর ২০২০/এমএম




