Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  করোনা রোগীদের ওপর রেমডেসিভির তেমন একটা কাজ করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যান্টিভাইরাল রেমডেসিভিরসহ চারটি ওষুধ নিয়ে ডব্লিওএইচও পরিচালিত এক পরীক্ষায় দেখা গেছে , করোনায় আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে এগুলো খুব একটা কার্যকরী নয়। খবর আলজাজিরার।

করোনা রোগীরা হাসপাতালে থাকার সময় সামান্য কিংবা তাদের জীবন বাঁচানোর ক্ষেত্রে এ ওষুধগুলোর কোনো প্রভাব নেই বললেই চলে। ডব্লিউএইচও’র এই গবেষণা প্রতিবেদনটির প্রি-প্রিন্ট সংস্করণ মেড আর্কাইভ সার্ভারে প্রকাশিত হয়েছে। তবে এই গবেষণার ফলাফল এখনো কোনো জার্নাল কর্তৃক পিয়ার-রিভিউড হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তিকৃত কোভিড-১৯ রোগীর সার্বিক মৃত্যুহার, বায়ুচলাচলের সূচনা ও হাসপাতালে অবস্থানের ক্ষেত্রে রেমডেসিভির, হাইড্রোক্সিক্লোরোকুইন, লোপিনাভির ও ইন্টারফেরন রেজিমেন্সের কোনো প্রভাব নেই।

৩০টি দেশের ১১ হাজার ২৬৬ জন প্রাপ্তবয়স্ক রোগীর এগুলো প্রয়োগ করা হয়েছিল। তাদেরকে ২৮ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রাথমিক বিশ্লেষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা আক্রান্তদের চিকিৎসায় রেমডিসিভিরের কার্যকারিতা শূন্য বা একেবারেই সামান্য। কোভিড রোগীদের হাসপাতালে থাকার মেয়াদ কমাতে ব্যর্থ এটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ জানান, কার্যকার প্রমাণিত না হওয়ায় ক্লিনিক্যাল ট্রায়ালের মাঝপথে জুনেই বন্ধ করে দেয়া হয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন এবং লোপানিভির ও রিটোনাভিরের প্রয়োগ। কিন্তু অন্য দু’টির পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে ৩০টি দেশের পাঁচ শতাধিক হাসপাতালে।

তিনি বলেন, ‘আমরা পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছি। গত কয়েক মাসে নতুন তৈরি হওয়া কিছু ওষুধের উপর আমরা নজর রাখছি।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ অক্টোবর ২০২০/এমএম


Array