বাংলানিউজসিএ ডেস্ক :: চীনা শহর উহানে নিজেদের কনস্যুলেটের কার্যক্রম শিগগিরই শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন দূতাবাসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।গত বছরের শেষ দিনে এই শহর থেকেই করোনাভাইরাসের বিস্তার ঘটেছিল। পরে তা বৈশ্বিক মহামারীর রূপ নিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
এক ইমেইল বার্তার মাধ্যমে রয়টার্সকে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, চীনে মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাড অদূর ভবিষ্যতে উহানে কার্যক্রম শুরু করার ইচ্ছা পোষণ করেন।এর বাইরে কোনো বিস্তারিত তথ্য তার কাছ থেকে পাওয়া সম্ভব হয়নি।করোনা প্রতিরোধে উহানে চীন সরকার কঠোর লকডাউন ঘোষণা করলে জানুয়ারির শেষ দিকে কনস্যুলেট কর্মী ও তাদের পরিবারকে প্রত্যাহার করে নেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের অধিকাংশ করোনা সংক্রমণ ও মৃত্যুর জন্য এক কোটি ১০ লাখ লোকের উহান শহরকে দায়ী করা হচ্ছে। যদিও সেখানকার সংক্রমণ একসময় কমে আসে এবং ধীরে ধীরে অর্থনীতি খুলে দেয়া হয়।বিশ্বে এ পর্যন্ত ৭০ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে চার লাখ ১০ হাজার লোকের।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১০ জুন ২০২০/এমএম





