বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত পুরো বিশ্ব। ভাইরাস আক্রান্ত রোগীর চাপে কোণঠাসা বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতালগুলো। করোনা আক্রান্তদের সঙ্গে অন্য রোগীদের একত্রে চিকিৎসা করালে তাদের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে।ফলে ভাইরাস সংক্রমিতদের জন্য পৃথক হাসপাতাল বানাতে হচ্ছে। দেশে বড় বড় স্টেডিয়ামগুলো এখন অস্থায়ী হাসপাতালে পরিণত হয়েছে। ছোট-বড় আরও বহু স্টেডিয়াম হাসপাতালে রূপান্তরিত হওয়ার পথে।
এ তালিকায় রয়েছে ব্রাজিলের বিশ্বখ্যাত মারাকানা ফুটবল স্টেডিয়াম, সাও পাওলো স্টেডিয়াম, বিশ্বসেরা ক্রিকেট স্টেডিয়াম লর্ডস, ভারতের জওহরলাল নেহরু ও রাজিব গান্ধীর মতো বড় বড় স্টেডিয়াম। করোনাভাইরাস মহামারীর ঝুঁকিতে আছে ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
পেলের দেশে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮১২ জন। এ পর্যন্ত ২০২ জন মারা গেছে। ব্রাজিল সরকার রিও ডি জেনেরিওর ফ্ল্যামিংগো ক্লাব তাদের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামকে স্বাস্থ্য কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। আর সেখানেই এখন গড়ে উঠছে ২০০ শয্যার অস্থায়ী হাসপাতাল।সাও পাওলোর নয়নাভিরাম ফুটবল স্টেডিয়ামকেও অস্থায়ী হাসপাতাল বানানো হয়েছে। মাঠে বসানো হয়েছে ২০০টি বেড। ভারতের রাজধানী দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামকে কেজরিওয়াল সরকারের হাতে তুলে দিয়েছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া।
সংকটের সময় কোভিড-১৯ আক্রান্তদের কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক এ স্টেডিয়ামকে। পাতিয়ালার সাই ট্রেনিং সেন্টারও ১২০ সংখ্যার আসনবিশিষ্ট কোয়ারেন্টিন সেন্টার হিসেবে প্রস্তুত রয়েছে।এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ক্যানিং স্টেডিয়ামকে রাতারাতি বানানো হল একশ’ বেডের হাসপাতাল।শুধু করোনা আক্রান্তদের এ হাসপাতালে চিকিৎসা হবে। ৫০টি বেড প্রস্তুত রয়েছে। সেখানে লাগানো হবে ছয়টি ভেন্টিলেশন। থাকছে সিসিইউয়ের ব্যবস্থা।
এছাড়া আসামের সারুসাজাই স্টেডিয়াম, তেলেঙ্গানার গাচিবৌলি স্টেডিয়াম এবং হায়দ্রাবাদের রাজিব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামকে কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তরিত করা হচ্ছে। ক্রিকেটের তীর্থস্থানখ্যাত ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামও পরিণত হতে পারে অস্থায়ী হাসপাতালে।
সে ব্যাপারে লর্ডস স্টেডিয়ামের প্রশাসক যোগাযোগ শুরু করেছে স্থানীয় প্রশাসনের সঙ্গে। ইতোমধ্যে আশপাশের হাসপাতালগুলোর ডাক্তার-নার্সদের জন্য স্টেডিয়ামের ৭৫টি পার্কিং স্পেস ছেড়ে দিয়েছে ১৮১৪ সালে প্রতিষ্ঠিত লন্ডনের এ স্টেডিয়ামটি।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ এপ্রিল ২০২০/এমএম





