Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে বুধবার (৮ এপ্রিল) দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এমন সিদ্ধান্তে এক প্রকার হতাশ হয়েছেন ইরানের সবশেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। খবর আল জাজিরার।

রেজা পাহলভি বলেছেন, ইরানে তথাকথিত ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ ঘটেছে—যুক্তরাষ্ট্রের এমন দাবির সঙ্গে তিনি একমত নন। তিনি ফরাসি গণমাধ্যমকে বলেন, ‘কোন শাসনব্যবস্থা পরিবর্তন? একই মানুষগুলোই আছে, হয়তো কিছুটা দুর্বল হয়েছে।’

যুক্তরাষ্ট্রে বসবাসকারী রেজা পাহলভি আরও বলেন, ‘আহত কোনো প্রাণীর মতোই, যাকে শেষ করে দিতেই হয়, ঠিক তেমনভাবেই এই শাসনব্যবস্থারও অবসান ঘটাতে হবে।’

রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা পাহলভি ইরানে ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত হন। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন জানালেও লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে।

নেতানিয়াহুর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরানকে এমন এক অবস্থানে নিয়ে আসা যাতে দেশটি আর কোনোভাবেই পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৯ এপ্রিল ২০২৬/এএ


Array